ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের তৈরী রাজধানীর সন্ত্রাসীদের হালনাগাদ তালিকার প্রায় এক তৃতীয়াংশই খুনি এবং অবৈধ অস্ত্রধারী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার একেএম শহীদুল হকের নির্দেশে চলতি সপ্তাহের প্রথম দিকে রাজধানীর প্রতিটি থানার সন্ত্রাসীদের এই তালিকা চূড়ান্ত করা হয়।
শহীদুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর মোট ৩ হাজার ৮১ জন সন্ত্রাসীর একটি হালনাগাদ তালিকা তৈরী করা হয়েছে। তালিকাভুক্তদের বড় একটা অংশই নতুন।
এ তালিকায় খুনি, ডাকাত, ছিনতাইকারি,অজ্ঞানপার্টির সদস্য, অবৈধ অস্ত্রধারী, বোমাবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের সংখ্যাও আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এ তালিকা তৈরী করা হয়েছে। মামলা ও এলাকায় প্রভাব বিবেচনায় রেখে এ তালিকা তৈরী করা হয়। এছাড়া থানা থেকে পাঠানোর পর একটি কমিটির মাধ্যমে তালিকা যাচাই-বাছাই করা হয়।
নতুন এ তালিকায় ৫০৬ জন খুনি, ১১৯ জন ডাকাত, ৪৮১ জন ছিনতাইকারী, ৯১ জন অজ্ঞানপার্টির সদস্য, ৪০৭ জন অবৈধ অস্ত্রধারী, ৭৪ জন বোমাবাজ, ৫৫৩ জন সন্ত্রাসী-চাঁদাবাজ, ৭২ জন ভূমিদস্যু, ৪৭৭ জন মাদক ব্যবসায়ী ও ২৯২ জনকে অন্যান্য অপরাধী হিসাবে উল্লেখ করা হয়েছে।
সংখ্যার বিচারে তালিকার শীর্ষে রয়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজ। এরপরের অবস্থানে যথাক্রমে রয়েছে খুনি, ছিনতাইকারী, অবৈধঅস্ত্রধারী। তালিকার সর্বনিুে রয়েছে ভূমিদস্যুরা।
তালিকা অনুযায়ী, মিরপুর বিভাগে সবচেয়ে বেশী খুনি ও সন্ত্রাসী। এ এলাকার ১০৮জন খুনি, ১৮৫ জন সন্ত্রাসী ও চাঁদাবাজ নতুন তালিকায় স্থান পেয়েছে। এই বিভাগের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শাহআলী থানায় মোট ২৪ জন সন্ত্রাসীর মধ্যে ১৪জনই খুনি। আর সন্ত্রাসীর সংখ্যা ৪৮৮জন।
তবে সবচেয়ে বেশী সন্ত্রাসী রয়েছে গুলশান বিভাগে। এই বিভাগে রয়েছে মোট ৬১৪জন সস্ত্রাসী।
তালিকায় গুলশান বিভাগের খিলক্ষেত এবং উত্তরা বিভাগের উত্তরখান থানা এলাকায় কোন খুনির নাম নাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24