ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে দেশ ও বিদেশ থেকে রাষ্ট্র ও সরকার প্রধান, রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যারা টেলিফোন ও শোকবার্তার মাধ্যমে এবং সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানিয়েছেন তাদের সবার প্রতি ব্যক্তিগতভাবে এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী দেশবাসীসহ সবার প্রতি মরহুম ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্যও অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯১৩ঘ.
bdnews24