ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এনেছে। এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে তাদের বিরুদ্ধে মামলা করা সমীচীন হবে না।
সোমবার সকালে ঢাকার একটি আদালত যুদ্ধাপরাধ সংক্রান্ত দায়ের করা একটি মামলায় ৩৬ 'যুদ্ধাপরাধীকে' তলব করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইন প্রতিমন্ত্রী দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে দায়ের করা মামলায় সোমবার তাদেরকে আগামী ২০ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় ঢাকার একটি আদালত।
কামরুল ইসলাম বলেন, "আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যুদ্ধাপরাধীদের বিচার করবো। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে তাদের বিরুদ্ধে মামলা করা সমীচীন হবেনা।"
তিনি আরও বলেন, "এই ধরনের ঘটনা জনগণের মাঝে বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি করা উচিৎ নয়।"
আইন প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নবম জজ আদালত সোমবার যে আদেশ দিয়েছে তাতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ব্যাহত হবে না।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আদালতে কোন মামলা দায়েরের প্রয়োজন হবে না মন্তব্য করে তিনি বলেন, "সরকার যখন তাদের বিচারের সিদ্ধান্ত নিয়েছে সেটাই এজাহার হিসেবে গণ্য হবে। তদন্ত সংস্থা যুদ্ধাপরাধীদের বিভিন্ন অপরাধের তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করবে।"
সরকার বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করায় সংক্ষুব্ধ হয়ে অনেকেই মামলা করছে কি না- এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "এখানে সংক্ষুব্ধ হওয়ার কিছু নেই। সরকার একটা বড় কাজ করছে। এর প্রস্তুতি নেওয়ার জন্যও একটা সময় প্রয়োজন।"
কোনো অসৎ উদ্দেশ্যে ওই ৩৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "অসৎ উদ্দেশ্য থাকতেও পারে।"
২০০৮ সালের ১৩ নভেম্বর অ্যাডভোকেট লিটন মিয়া, সাফায়েত হোসেন সজীব, রাজীব আহমেদ ওই ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' ঘোষণা চেয়ে বাংলাদেশের যে কোনো নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য ঢাকার জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন।
মামলাটি চলবে কি চলবে না এ ব্যাপারে সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/এইচএ/১৮০১ ঘ.
bdnews24