সাভার, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সাভারের একটি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার দুপুরে উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
দুপুর পৌনে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ২৫ থেকে ৩০টি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল্লাহ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে একজন রাবার বুলেটে আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
ওসি বলেন, "শ্রমিকদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এছাড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।"
তবে কত রাউন্ড রাবার বুলেট ও কাঁদাতে গ্যাস কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে সে বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
ওসি জানান, দোয়েল গ্র"পের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর আড়াইটার দিকে কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে। পরে পৌনে তিনটার দিকে মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, লাঠিচার্জের পর শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠলে র্যাব-৪ এর সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। অবরোধের কারণে মহাসড়কের দুপ্রান্তে যানজটের সৃষ্টি হয়।
পরে র্যাব ও পুলিশ শ্রমিকদের ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বিকেল ৪টার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
সাভার থানার ওসি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24