২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল পাঁচদিন ধরে অচল

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ৩০ শয্যার ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে গত মঙ্গলবার থেকে অচলাবস্থা বিরাজ করছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরীর সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরীর বিরোধের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মকবুল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান দুপক্ষের সঙ্গে পৃথক বৈঠক করলেও তাদের সমঝোতায় আনা যায়নি।

জেলা প্রশাসক শাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। উভয়পক্ষ অনঢ় থাকায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে।"

কয়েকজন সদস্যের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ডায়াবেটিক সমিতির সচিবকে সাধারণ সভা ডাকার অনুরোধ করেছেন বলে জানান জেলা প্রশাসক।

গত মঙ্গলবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরীর নেতৃত্বে ডায়াবেটিক সমিতির কয়েকজন সদস্য হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

তারা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সাধারণ সভা করার দাবি জানান।

বুধবার সাংবাদ সম্মেলন করে তারা শাহেদ কামালের অনিয়মের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

শাহেদ কামাল ওইদিন পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সমিতির গঠনতন্ত্র মেনেই তিনি কাজ করেছেন।

নম্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, "শাহেদ কামাল ডায়াবেটিক হাসপাতাল কুক্ষিগত করে রেখেছেন। গত এক বছর তিনি সাধারণ সদস্যের কোন আবেদনপত্র দিচ্ছেন না।"

তার অভিযোগ, দু-তিনজন সদস্য মারা যাওয়ার পর শাহেদ কামাল সমিতির নির্বাহী কমিটিতে তার পছন্দমত লোক নিয়েছেন।

এসব অভিযোগ অস্বীকার করে শাহেদ কামাল বলেন, "কমিটির সিদ্ধান্তেই সদস্য নেওয়া হয়েছে। আর কেউ আমার কাছে সদস্য হওয়ার আবেদনপত্র চায়নি।"

তিনি জানান, হাসপাতালে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়টি পানি সম্পদ মন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে এবং ঠাকুরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

দুপক্ষের এ বিরোধে হাসপাতালে চিকিৎসেবা ব্যাহত হচ্ছে। অনেক রোগীকে হাসপাতাল ছাড়তেও দেখা গেছে।