ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ৭টায় দিনের কর্মসূচি শুরু হয়। রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর ও মহাসচিব শফিউল আলম যথাক্রমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
সকাল ১০টায় ঢাকা রক্তদান কেন্দ্র ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টায় হাসপাতালের গরীব রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বিকেল ৪টায় হলি ফ্যামিলি হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দিনটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর ও মহাসচিব শফিউল আলম ভাষণ দেন। বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে।
বাংলাদেশের সকল জেলা সদরে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করেছে।
১৫০তম বিশ্ব রেডক্রিসেন্ট দিবসের এবারের শ্লোগান হচ্ছে- 'বিপদাপন্ন বিশ্ব, পদক্ষেপ নেবার এখনই সময়।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১০ ঘ.
bdnews24