২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যুবক'র কর্মকর্তারা লাপাত্তা, সাতক্ষীরায় আমানতকারীদের বিক্ষোভ

পটুয়াখালীতে যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন। বৃহস্পতিবার শহরের তিন উপ-আঞ্চলিক কার্যালয় ঘুরে দুটিতেই কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, শহরের তিনটি, জেলার সাতটিসহ বিভিন্ন ইউনিটের কার্যালয়ও দীর্ঘদিন ধরে বন্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন। বৃহস্পতিবার শহরের তিন উপ-আঞ্চলিক কার্যালয় ঘুরে দুটিতেই কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, শহরের তিনটি, জেলার সাতটিসহ বিভিন্ন ইউনিটের কার্যালয়ও দীর্ঘদিন ধরে বন্ধ। আমানতকারীদের জানান, তারা টাকা ফেরত পাওয়ার ব্যাপারে সন্ধিহান। যুবকের কার্যালয়গুলোতে আমানতের টাকা হিসেব ও রেকর্ড নেই। টাকা লেনদেনের মাসিক কোন রিপোর্টও নেই বলে অভিযোগ করেছেন অনেক আমানতকারী। তাদের অভিযোগ প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাত করেছে যুবক। ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক'র সাতক্ষীরা জেলা কার্যালয় ঘেরাও করেছেন শতাধিক আমানতকারী। দুপুরে ক্ষুব্ধ আমানতকারীরা যুবক কর্মকর্তাদের গ্রেপ্তার ও জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করে। এসময় অন্যান্য কর্মকর্তার সরে পড়তে পারলেও জেলা সম্বনয়কারী মাজেদা বেগমকে আটক করে বিক্ষোভকারীরা। পরে টাকা ফেরত দেওয়ার জন্য ১৫ দিনের সময় নিয়ে তিনি ছাড়া পান। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় যুব কর্মসংস্থান সোসাইটির অঙ্গ সংগঠন যুবক হাউজিংয়ের চেয়ারম্যান লোকমান হোসেনকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: পটুয়াখালী: শহরের পাওয়ার হাউস রোডের উপ-আঞ্চলিক (সাব-এরিয়া) কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সমন্বয়কারী মো. শামিম এর উপর চড়াও হন কয়েকজন আমানতকারী। তাকে অকথ্য ভাষায় গালাগাল করে মারধর করতে উদ্যত হন তারা। এ সময় স্থানীয়রা এসে আমানতকারীদের শান্ত করেন। ১৯৯৭ সালে পটুয়াখালীতে কাজ শুরু করে যুবক। শহরের কলাতলা এলাকায় আমানতকারীদের ৬/৭ জনকে কিছু জমি বরাদ্দ দিয়ে যুবক প্রথমে আস্থা অর্জনের চেষ্টা করে। পরে বিভিন্ন স্থানে খালি জমিতে সাইন বোর্ড দিয়ে আমানতকারীদের আকৃষ্ট করে। দুই কাঠা জমি বরাদ্দ পাওয়া মো. মিজানুর রহমান জানান, কলাতলা এলাকায় ২৮ কাঠা জমির মধ্যে যুবকের তৎকালীন কর্মকর্তা মাহবুবুল আলম মাসুদ ও তার স্ত্রী কানিজ সুলতানা নুপুর ১১ কাঠা নিজেরাই দখল করে বাড়ি নির্মাণ করেছেন। আর সেখানে রাস্তার নির্মাণের জন্য রাখা হয়েছে ৫ কাঠা। বাকি ১২ কাঠা জমির বরাদ্দ পেয়েছেন সাতজন আমানতকারী। মহিবুবুল আলম মাসুদ ও তার স্ত্রীকে দীর্ঘদিন এলাকায় দেখা যাচ্ছে না। তাদের বাড়িতেও তালা ঝুলছে। যুবকের চেয়ারম্যান লোকমান হোসেন ঢাকায় গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে ভীতি ছড়িয়ে পড়ে পটুয়াখালীর শত শত আমানতকারীর মাঝে। তারা যুবক কার্যালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে টাকা ফেরত পাওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন। যুবক'র সমন্বয়কারী মো. শামিম জানান, তার আওতায় প্রায় এক হাজার আমানতকারীর আনুমানিক ৪০ থেকে ৪৫ লাখ টাকা রয়েছে। তবে তিনি কোন হিসেব বা রেকর্ড দেখাতে পারেনি। মৌকরণ শ্রীরামপুর গ্রামের আমানতকারী খলিলুর রহমান জানান, এ সংখ্যা অনেক বেশি। কম করে হলেও পাঁচ কোটি টাকা হবে। তিনি জানান, পটুয়াখালীতে যুবক'র যে সম্পদ রয়েছে তা দিয়ে আমানতকারীদের সামান্য সংখ্যকের টাকা শোধ করাও সম্ভব হবে না। খলিল জানান, তিনি দেড়লাখ টাকা আমানত করেছেন তিন লাখ টাকা পাওয়ার আশায়। এক বছর আগে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও একটি টাকাও পাননি তিনি। পটুয়াখালী থানা পাড়া এলাকার নুরুন্নাহার বেগম শিশুদের কোরআন ও কিতাব পড়িয়ে সামান্য আয় করেন। এ আয় থেকে প্রতিমাসে ২শ' টাকা করে যুবক-এ আমানত হিসেবে রাখতেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আসল ৫২ হাজার টাকা ফিরে পেতে চান তিনি। একই এলাকার হাসি বেগম যুবক কার্যালয়ে চিৎকার করতে করতে বলেন, তিনি গরীব মানুষ, তার লাভ লাগবে না। আসল ১৮ হাজার টাকা ফেরত দিলেই হবে। সাতক্ষীরা: বৃহস্পতিবার দুপুরে আমানতকারীরা যুবক কার্যালয় ঘেরা করে। শহরের বিনেরপোতার হযরত আলী এক লাখ, ইটাগাছার সালমা খাতুন ৬০ লাখ টাকা, রসুলপুরের আমেনা খাতুন ১৬ লাখ টাকা, মধুমোল্লারডাঙ্গীর নারগিস বেগম ৪ লাখ টাকা যুবক তহবিলে জমা দিয়েছেন বলে জানান। যুবক'র সংগঠক দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের লিয়াকত আলী জানান, বিভিন্ন আমানতকারীর কাছ থেকে প্লট দেওয়ার নামে বুকিং চুক্তি ও সঞ্চয়ের মাধ্যমে এ সমস্ত টাকা নেওয়া হয়। তিনি নিজেও যুবক'র কাছে ২ লাখ ৭৫ হাজার টাকা পাবেন বলে জানান। লিয়াকতসহ আরও কয়েকজন আমানতকারী অভিযোগ করেন, টাকা আত্মসাতের সঙ্গে জেলা সম্বনয়কারী মাজেদা বেগমও জড়িত। মাজেদা বেগম বলেন, "কোম্পানি টাকা না দিলে আমার কি করার আছে।" তিনি জানান, ঘেরাও এর ঘটনাটি তাৎক্ষণিকভাবে যুবক'র খুলনা বিভাগীয় প্রধান মাহফুজ রেজাকে জানানো হয়েছে। তিনি জুলাই মাস পর্যন্ত সময় চেয়ে নেওয়ার জন্য তাকে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪১ ঘ.