ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর জুরাইনে বৃহস্পতিবার দুপুরে বাসচাপায় দু'জন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (২৮) ও গুলজার হোসেন (৩২)।
বিল্লাল নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামপুর থানার সহকারী উপ-পরিদর্শক সুভাষ নাথ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জুরাইন মাজার রোডে শ্যামপুর থেকে টঙ্গীগামী 'ছালছাবিল পরিবহনের' একটি বাস (ঢাকা মেট্রো গ ১৪-০৪৬০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও এক পথচারীকে চাপা দেয়।
বাসের চাপায় রিকশাচালক গুলজার হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর পথচারী ট্রাকচালক জাহাঙ্গীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাযাত্রী বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ট্রাকচালক জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের নন্দপাড়ায়। আর রিকশাচালক গুলজারের গ্রামের বাড়ি রংপুরের গোবিন্দপুরে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসকে/১৯৫১ঘ.
bdnews24