২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে মাইক্রো ছিনতাই, শ্রীমঙ্গলে লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বৃহস্পতিবার ফরিদ মিয়া নামের একজন মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদকে হত্যা করে যাত্রীবেশী ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

মৌলভীবাজার, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বৃহস্পতিবার ফরিদ মিয়া নামের একজন মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদকে হত্যা করে যাত্রীবেশী ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে। উপজেলার কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ফরিদ সিলেট সদরের অনন্তপুর ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের আফতাব আলীর ছেলে। সিলেটের আখালিয়া স্ট্যান্ড থেকে মঙ্গলবার কয়েকজন যাত্রী ঢাকা যাওয়ার জন্য ফরিদের মাইক্রোবাস ভাড়া করে। তারপর থেকে ফরিদ নিখোঁজ ছিলেন বলে ওই স্ট্যান্ডের মাইক্রোবাস চালক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি জানান, ফরিদের মাইক্রোবাসটি ছিল নোয়াহ্ ব্র্যান্ডের। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা চালক ফরিদকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার গলায় গামছা পেচানো ও পিছনে হাত মোড়া করে বাঁধা ছিল। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।" ওসি মনোয়ার জানান, ফরিদের লাশ থেকে আধ কিলোমিটার দূরে পরিত্যাক্ত অবস্থায় তার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তিনি জানান, ফরিদ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন (নম্বর- ৪০৩১)। তার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬৩০ ঘ.