মৌলভীবাজার, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন সংলগ্ন সুইপার কলোনীতে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক শূকর মারা গেছে।
সুইপার কলোনীর বাসিন্দা মতিলাল, সুভাষ, লছমন, লক্ষণ ও মজনু জানান, গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তাদের শতাধিক শূকর মারা গেছে।
তারা জানান, আক্রান্ত শূকরের প্রথমে শ্বাসকষ্ট দেখা দেয়। তার পর খাওয়া বন্ধ করে দেয়। এরপর কাঁপুনি উঠে কয়েক মিনিটের মধ্যে মারা যায়। ওষুধ দিয়েও তাদের বাঁচানো যায়নি।
মৃত শূকরগুলো তারা মাটিতে পুঁতে ফেলেছেন। ওই কলোনিতে এখন আর কোনো জীবিত শূকরই নেই বলে জানান বাসিন্দারা।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম খান বলেন, "কুলাউড়ার সুইপার কলোনিতে শূকরের মৃত্যুর খবর শুনেছি। তবে মৃত শূকরের মধ্যে কোনো ধরনের ভাইরাস ছিল কিনা তা জানি না।"
তিনি আরও বলেন, "স্যার (জেলা পশু সম্পদ কর্মকর্তা) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।"
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান।
পৌর মেয়র কামাল আহমদ বলেন, "অজ্ঞাত রোগে শূকর মারা যাওয়ার খবর শুনেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/
bdnews24