সাতক্ষীরা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিপরীতে ভারতের ভূ-খণ্ডে মঙ্গলবার ভোররাতে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে সে দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ।
তবে নিহতের পরিচয় জানা যায়নি। তার নাম ঠিকানা উদ্ধার চেষ্টা চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের আওতাধীন মাদরা ক্যাম্পের সুবেদার মনসুর আলী।
তিনি বলেন, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
সুবেদার মনসুর আলী জানান, মঙ্গলবার ভোররাতে ভারতের ১২৬ ব্যাটালিয়নের তারালী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল ওই বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বলে তারা খবর পেয়েছেন।
তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলেও তারা জানতে পেরেছেন। নিহতের নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, সোমবার রাতে তিন বাংলাদেশি কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত পার হয়ে ভারতে যায়। এসময় বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এদের মধ্যে দু'জন পালিয়ে আসতে পারলেও অজ্ঞাত অপরজনকে সীমান্তের একটি তিল ক্ষেতের মধ্যে পিটিয়ে হত্যা করে বিএসএফ জওয়ানরা। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় ভারতের স্বরূপনগর থানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24