২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের শিক্ষানবিস ২১ উপ-পরিদর্শক চাকরিতে পুনর্বহাল

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে চাকরিচ্যুত ২১ শিক্ষানবিস উপ-পরিদর্শককে ছয় বছর পর পুনর্বহাল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে চাকরিচ্যুত ২১ শিক্ষানবিস উপ-পরিদর্শককে ছয় বছর পর পুনর্বহাল করা হয়েছে। তারা হলেন, জানে আলম মুন্সী, মোহাম্মদ আমিনুর রশিদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শাহজাহান, আব্দুল মতিন, আমিনুল ইসলাম, আতিউর রহমান, কাওসার উদ্দিন আহমেদ, মফিজুর রহমান, আশিকুর রহমান, হারুন-উর রশিদ, সালেহ উদ্দিন মিয়া, শাহিন কবির, শফিউল হক, আহমেদ হাসান হাবিব, নজরুল ইসলাম, এস এম কলিম, এ কে শহিদুল হক ভূঁইয়া, শাকিল মাহমুদ, শেখ মোহাম্মদ কামরুজ্জামান ও শেখ সোহেল রানা। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে আওয়ামী লীগ সমর্থক অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরে তারা আইনের আশ্রয় নেন। পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (নিয়োগ ও ব্যবস্থাপনা) হাসান উল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ আদালত ওই ২১ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তিনি জানান, কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে আসে। সে অনুযায়ী তাদেরকে চাকরিতে পুনর্বহালের প্রক্রিয়া হিসেবে রোববার একটি চিঠি সারদা পুলিশ একাডেমিতে পাঠানো হয়েছে। ওই ২১ জন ১০ মে একাডেমিতে প্রশিক্ষণে যোগ দেবেন। সেখানে তারা বাকি ১৪ দিনের প্রশিক্ষণ শেষ করবেন। এরপর নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/১৯৪৭ ঘ.