ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিবাগে রোববার বিকেলে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
তার নাম আমিনুল হক খাদেম (৫৫)। তিনি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
রোববার বিকেলে মালিবাগ শাহী মসজিদের কাছে মাজার গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। রাতে তার আত্মীয়-স্বজন হাসপাতালে লাশ সনাক্ত করেন।
তিনি সপরিবারে ১১/১ উত্তর বাসাবোর সবুজবাগে থাকতেন।
নিহতের শ্যালক শাহিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনুল হক ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার খরমপুর মাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ কমিটির নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে।
এর জের ধরেই তাকে হত্যা করা হয় বলে শাহিন দাবি করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক কবির হোসেন হাওলাদার বলেন, এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে নিহতের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে আমরা ধারণা করছি, খরমপুর মাজার সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এইচএ/২৩০০ ঘ.
bdnews24