ফরিদপুর, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসাম্প্র্র্রদায়িক বাংলাদেশ গড়তে হলে যুদ্ধাপরাধীদের বিচার বিশেষ ট্রাইবুনালে করতে হবে বলে মন্তব্য করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
ফরিদপুর শহরের মুক্তিযোদ্ধা ইমামউদ্দিন চত্বরে সোমবার জেলা নির্মূল কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "চক্রান্তকারীরা বসে নেই। তারা নানা কৌশলে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু জনতার রায় রয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। যতদ্রুত সম্ভব সেটা শুরু করার দাবি জানাচ্ছি।"
শহীদ জননী জাহানারা ইমামের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবং জেলা নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, নারী মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, জেলা আ. লীগ সভাপতি কাজী জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক, সাংবাদিক মুনশী হারুন আর রশীদ, জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।
সভায় কাজী মুকুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। তাহলে তাদের সব চক্রান্ত ও ষড়যন্ত্র ভেস্তে যাবে।
নারী মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যর্থতার কারণে ৩৮ বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24