২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বাগানপাড়া বস্তিতে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর

চাঁদা না দেওয়ায় রাজশাহী মহানগরীর বাগানপাড়া বস্তিতে সোমবার দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২০-২৫টি ঘর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

রাজশাহী, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না দেওয়ায় রাজশাহী মহানগরীর বাগানপাড়া বস্তিতে সোমবার দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২০-২৫টি ঘর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে। হামলাকারীরা বিএনপি সমর্থক এবং তাদের হামলায় ৪-৫ জন মহিলা আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তবে তিনি তার নাম জানাতে পারেননি। বস্তিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিউনিটি পুলিশের নামে বিএনপি সমর্থক সন্ত্রাসীরা বাগানপাড়া এলাকায় চাঁদাবাজি করে আসছিল। রোববার সন্ধ্যায় চাঁদা চাইলে বস্তিবাসীরা তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে রাতে বস্তিতে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থক ৩৫-৪০ জন সন্ত্রাসী ওই এলাকার বাড়িঘরে হামলা চালায়। তারা বস্তির বজলু, রাব্বুল, তৈয়বের ঘরে ঢুকে তাদের মারপিট, ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া সুফিয়া ও রওশনারা নামের দু'মহিলার শাড়ি-ব্লাউজ ছিঁড়ে ফেলে এবং আরও কয়েকজনকে লাঞ্ছিত করে। সন্ত্রাসীরা নিরীহ নারী ও শিশুদের বেধড়ক মারপিট করে এবং আতঙ্ক সৃষ্টির জন্য পিস্তল উচিয়ে গুলিবর্ষণ করে। সুফিয়া ও রওশনারা অভিযোগ করেন, হামলার পরপরই রাজপাড়া থানায় খবর দেওয়া হলেও পুলিশ প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। স্থ্ানীয় বিএনপির সন্ত্রাসী দাসপুকুর এলাকার শফিকুল, নাজির, রিয়াজ, ইলিয়াস, উজ্জল, একরাম, মাইনুল ও মান্টু গংরা কমিউনিটি পুলিশের নামে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করত। শফিকুল বস্তীবাসীদের কাছে মাসে ১০ হাজার টাকা চাঁদা চায়। টাকা দিতে অস্বীকার করায় তারা হামলা চালায়। নগরীর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বলেন, ৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশ এ ওয়ার্ডেও কাজ করে। হঠাৎ করে কেন হামলা হল তা খতিয়ে দেখা হবে। দেরি করে ঘটনাস্থলে পৌঁছার অভিযোগ অস্বীকার করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, "খবর পাওয়ার সাথে সাথে পলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের রক্ষার চেষ্টা করেছে।" বোয়ালিয়া সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমায়ূন কবীর বলেন, "অপরাধী যেই হোক না তাদের শাস্তি দেওয়া হবে। পুলিশের দেরিতে ঘটনাস্থলে যাওয়ার বিয়য়টিও খতিয়ে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.