২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি ছাড়া বিয়ে: সাবেক যুগ্ম সচিবকে আদালতে হাজিরের নির্দেশ

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান জুনুকে ঢাকার একটি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান জুনুকে ঢাকার একটি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম স্ত্রী মোসাম্মত মনজু আরা বেগম সোমবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়েরের পর এ ব্যাপারে শুনানি হয়। শুনানি শেষে বিচারক একেএম এমদাদুল হক বিকেলে এ আদেশ দেন। আগামী ৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। মামলায় আসাদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী বেগম গূলে নূর রেখার বিরুদ্ধে তাকে (রেখা) বিয়ে করার ব্যাপারে প্ররোচনার অভিযোগ আনা হয়। তবে এই অভিযোগ আমলে নেয়নি আদালত। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬ (৫) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দায়ের করা মামলার আর্জিতে বলা হয়, ১৯৭২ সালে বিয়ের কয়েক বছর পরই অভিযুক্তের আচরণে পরিবর্তন দেখা দেয়। অনুসন্ধান চালিয়ে বাদী জানতে পারেন তার অনুমতি না নিয়েই গূলে নূর রেখাকে বিয়ে করেছেন মো. আসাদুজ্জামান। বাদী মনজু আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই মধ্যে তিনি ঢাকা জেলা জজ আদালতে তার এবং সন্তানদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের জন্য আসাদুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২০৩৭ঘ.