ঢাকা মে ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে ডালের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন ডাল ব্যবসায়ীরা। তারা বলেছেন, ডালের দাম স্থিতিশীল থাকবে।
সোমবার সচিবালয়ে ডাল ব্যবসায়ী নেতারা বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করে তাকে এ আশ্বাস দেন।
বৈঠক শেষে ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন "বর্তমানে ডালের যে অবস্থা, তাতে দেশবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গতবার এই সময়ে মসুর ডালের দাম (কেজি প্রতি পাইকারি) ছিল ১০৫ থেকে ১১০ টাকা। এবার দাম তার চেয়েও কম। ডালের এই বাজারদর রমজান পর্যন্ত চলবে।"
এফবিসিসিআই-এর পরিচালক ও ডাল আমদানীকারক কামাল উদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশি মসুর ডাল কেজি প্রতি ৯৫ থেকে ৯৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তিনি বলেন, "পর্যাপ্ত মজুত থাকায় সামনে ডালের দাম বাড়ার সম্ভাবনা নেই। রমজানেও পাইকারি বাজারে মসুর ডাল কেজি প্রতি একশ' টাকার নিচে থাকবে। খুচরা বাজারে তা ২ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়তে পারে।"
অন্যান্য ডালের দামও স্থিতিশীল থাকবে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা।
বৈঠকে কামাল উদ্দিন আহমেদ ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত ডালের দামের চিত্র তুলে ধরে বলেন, "ডালের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। সামনে দাম বাড়া বা কমার কোন লক্ষণ দেখছি না।"
ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডালের দাম স্থিতিশীল রাখতে টিসিবিকে কার্যকর করার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে বছরে প্রায় চার লাখ মেট্রিন টন ডালের চাহিদা রয়েছে।
বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24