২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোকে স্বীকৃতি দিতে আবারো আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আবারো আহ্বান জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করে সার্বিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশটিকে স্বীকৃতি দেওয়ার এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আবারো আহ্বান জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করে সার্বিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশটিকে স্বীকৃতি দেওয়ার এই আহ্বান জানান। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু বলা হয়নি। সার্বিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া ও অন্য অনেকের আপত্তি উপেক্ষা করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ কসোভো গত বছরের ১৭ ফেব্র"য়ারি স্বাধীনতার ঘোষণা দেয়। দীপু মনির সঙ্গে বৈঠকের পর মরিয়ার্টি সাংবাদিকদের জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করছেন। মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি।" "বড় একটি আন্তর্জাতিক বিষয়, কসোভোকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আমি আবারো তুলে ধরেছি", বলেন রাষ্ট্রদূত। মরিয়ার্টি বলেন, "আমি বিষয়টি দ্রুত পর্যালোচনা করে সম্ভব হলে কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।" বলকান অঞ্চলের ছোট্ট এই দেশটিকে এ পর্যন্ত ৫৮টি দেশ স্বীকৃতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত বছর মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে কমপক্ষে দু'বার দেখা করে কসোভোকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। ২০০৮ এর জুলাইতে ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ এ ব্যাপারে জাতীয় স্বার্থের বিষয়টি দেখে সিদ্ধান্ত নেবে। এর আগেও জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দীপু মনির সঙ্গে দেখা করে মার্কিন দূত সার্বিয়ার স্বাধীনতা ঘোষণাকারী প্রদেশটিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে দীপু মনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। বৈঠকের পর পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের বরাত দিয়ে তার দপ্তরের এক কর্মকর্তা বলেন, "কসোভোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই।" মরিয়ার্টি বলেন, বাংলাদেশ এর আগে বলেছিল ওআইসির অবস্থান দেখে সিদ্ধান্ত নেওয়ার। "আমি এ বৈঠকে বলেছি সৌদি আরব, আরব আমীরাত, মালয়েশিয়া ও তুরস্ক দেশটিকে স্বীকৃতি দিয়েছে।..কাজেই সামনে এগিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এ ব্যাপারে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছেন। মরিয়ার্টি বলেন, তিনি (হাসিনা) সফরের সিদ্ধান্ত নিলে তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের চেষ্টা করবেন। প্রবাসী মেয়েকে দেখার জন্য শেখ হাসিনার আগামী সপ্তাহে কানাডা যাওয়ার কথা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সম্মতি সাপেক্ষে শেখ হাসিনা বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/১৯০৬ঘ.