২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আট 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধ চলাকালে মাগুরার কৃতি ফুটবলার মুক্তিযোদ্ধা বাকু কাজীকে হত্যার অভিযোগে আজ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি করেন শহীদ বাকু কাজীর ভাই সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মানিক কাজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মাগুরা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধ চলাকালে মাগুরার কৃতি ফুটবলার মুক্তিযোদ্ধা বাকু কাজীকে হত্যার অভিযোগে আজ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি করেন শহীদ বাকু কাজীর ভাই সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মানিক কাজী। হাকিম মনজুরুল ইমাম অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- সদর উপজেলার পুকুরিয়া গ্রামের লুলু মোল্লা, আব্দুর রাজ্জাক, আলোকদিয়া গ্রামের মাখন মুন্সী, শ্রীরামপুর গ্রামের গোলাম রব্বানী, বাহরবাগ গ্রামের নেয়ামত ও গোলাম সরোয়ার এবং গৃহ গ্রামের নেন্দু মিয়া ও আকবর মোল্লা। মানিক অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ চলাকালে আসামিরা রাজাকার বাহিনীতে যোগ দিয়ে গোটা এলাকায় খুন, লুট ও ধর্ষণসহ নানা অপকর্ম করে। ওই সময় বাকু কাজী ও তিনি ফরিদপুর জেলার সাতৈর এলাকায় যুদ্ধরত ছিলেন। একাত্তরের ২১ আগস্ট লুলু মোল্লা কৌশলে বাকু কাজীর সন্তান সম্ভবা স্ত্রীর অসুস্থতার কথা বলে তাদের দু'ভাইকে বাড়িতে নিয়ে আসে। তারা বাড়ি আসার পর লুলু স্থানীয় রাজাকার ক্যাম্পে খবর দেয়। রাজাকাররা তাদের বাড়ি ঘেরাও করলে তিনি পালিয়ে আত্মরকক্ষা করেন। কিন্তু তার ভাই বাকু কাজীকে আসামিরা ধরে স্থানীয় নবগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যা করে। মামলায় পাঁচজন প্রত্যক্ষদর্শীকে সাক্ষী করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মহাফেজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় এখনও আদালতের আদেশের কাগজপত্র আসেনি। কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭৫৪ ঘ.