ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন মেট্রোপলিটন হাসপাতালের অদূরে আমান এন্টারপ্রাইজ অ্যান্ড সিএনজি স্টেশনে একটি ট্যাঙ্ক লরিতে বিকেলে আগুন লাগে। দমকল বাহিনীর কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানান, আমান এন্টারপ্রাইজ অ্যান্ড সিএনজি স্টেশনে একটি তেলের ট্যাঙ্ক লরিতে বিকেল পৌনে পাঁচটায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান এবং আগুন নেভান।
এ সময় মহাখালীর শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী থেকে সাত রাস্তার মোড় পর্যন্ত পুলিশ রাস্তা বন্ধ করে দেয়।
সিএনজি স্টেশনের পশ্চিম পাশের আকবর অটোমোবাইলের মালিক মীর আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেল সরবরাহকারী ট্যাঙ্ক লরি থেকে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংকে তেল ঢালার সময় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজে। এতে সেখানে থাকা চারটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্থ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এএনএস/এইচএ/১৯০৪ঘ.
bdnews24