ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববারের কালবৈশাখীর সময় রাজধানীতে দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া মাথায় টিনের চাল পড়ে আহত হয়েছেন একজন।
বিকেল ৩টার দিকে দৈনিক বাংলা মোড়ে দেওয়াল চাপা পড়ে নিহত হন আছিয়া বেগম (৪৫) নামে এক রেস্তোরাঁকর্মী। অন্য ঘটনায় বাড্ডা আদর্শনগরে ঘরের টিনের চাল উড়ে এসে আহত হয়েছেন নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।
আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, দৈনিক বাংলা মোড়ে ঝড়ের সময় একটি সীমানা প্রাচীর ভেঙে পড়লে আছিয়া বেগম তার নিচে চাপা পড়েন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আছিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া শহীদুল জানান, তিনি মতিঝিলের প্যাসিফিক রেস্তোরাঁয় মসলা বাটার কাজ করতেন।
এদিকে ঝড়ের সময় মাথায় টিন পড়ে গুরুতর আহত নাজমা বেগমকে অচেতন অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসকে/২৩৫০ঘ.
bdnews24