ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সরকার।
রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম আপিল প্রত্যাহারের আবেদন জানান।
তাদের বক্তব্য সমর্থন করেন এ মামলায় রিটকারী পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি।
এই আপিলের তৃতীয় পক্ষ হিসেবে (ইন্টারভেনর) পক্ষভুক্তির বিএনপির মহাসচিব খন্দকার দেলেয়ার হোসেনের আবেদনের ওপর সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমেদ বক্তব্য রাখেন।
এর ওপর সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবারও শুনানি হবে।
শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার মনে করে পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্টের দেওয়া রায় সঠিক। এ রায় বহাল থাকলে অস্বাভাবিক পন্থায় কেউ ক্ষমতা দখলের প্রয়াস পাবে না।"
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, "সাংবিধানিক, রাষ্ট্রীয় ও সরকারের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য এ রায় বহাল থাকা উচিত নয়। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল থাকলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।"
এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহিম বলেন, এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল না চালানোর জন্য সরকারের নির্দেশনা রয়েছে। তাই আপিল দুটি সরকার না চালানোর কারণে খারিজ করা হোক।
এর জবাবে খন্দকার দেলোয়ার হোসেনের কৌঁসলি টিএইচ খান বলেন, "হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে। এ মামলায় সাংবিধানিক অনেক প্রশ্ন জড়িত। তাই এর মীমাংসা হওয়া উচিত।"
অ্যাটর্নি জেনারেল বলেন, "সরকার আপিল না চালানোর কথা বলার পর এ ধরনের বক্তব্যের কোন সুযোগ নেই।"
এরপর আজমালুল হোসেন কিউসি সরকার পক্ষের বক্তব্য সমর্থন করে কোন ক্ষেত্রে আপিল প্রত্যাহার করা যায় এ বিষয়ে আপিল বিভাগের রুলস ও ভারতীয় উচ্চ আদালতের নজির উপস্থাপন করেন।
২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুসতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করেন। আদালত অবশ্য ওই সময়ে করা সরকারের জনস্বার্থে করা বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল।
হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট রায়ের অভিমতে উল্লেখ করে।
সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৯২২ ঘ.
bdnews24