ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ এনএম বশির উল্লাহ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৩১ মে তাকে গ্রেপ্তার করা গেল কি গেল না এ সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তা সহকারী নূরুল আলম।
গত ২৯ অক্টোবর রমনা থানায় দুদক আবু জাফর চৌধুরীর বিরুদ্ধে দুই কোটি ২৫ লাখ ১২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা করে। চলতি বছরের ২৮ এপ্রিল দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ফানাফিল্লাহ এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আবু জাফর চৌধুরীর বিরদ্ধে অর্থ আত্মসাত, প্রতারণা ইত্যাদি অভিযোগে সমবায় অধিদপ্তর ও বিভিন্ন ব্যক্তির দায়ের করা কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।
একই প্রতিষ্ঠানের সাবেক ভাইস চেয়ারম্যান জাকি উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু জাফর চৌধুরীর বিরুদ্ধে তিনি জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ২০০৪, ২০০৫ এবং চলতি বছরে ৫টি মামলা করেন। এর একটিতে আবু জাফরের স্ত্রী এবং অন্য একটিতে তার ভাইকে আসামী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৫৮ঘ.
bdnews24