২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বটমূলে হামলা: ৮ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

রমনা বটমূলে ২০০১ সালের পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার ৮ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে ২০০১ সালের পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার ৮ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আলোচিত ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বাদি তখন বাবুপুরা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ পরিদর্শক অমল চন্দ্র চন্দ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত সাক্ষ্য দেন। একই ঘটনায় পৃথক অভিযোগপত্র দাখিল হওয়া বিস্ফোরক দ্রব্যের মামলায় এ আদালতেই আগামী ১৭, ১৮ এবং ১৯ মে বাদির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। হত্যা মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার তারিখ ধার্য হয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে থাকা পাঁচ আসামি মুফতি আব্দুল হান্নান, মুফতি আবদুর রউফ, আবু তাহের, আরিফ হাসান সুমন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন আদালতে হাজিরা দেন। মামলার অন্য ৮ আসামি পলাতক। অমল চন্দ্র চন্দের জবানবন্দীর পর তাকে মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন ও শাহাদাত উল্লাহ জুয়েলের আইনজীবী যথাক্রমে অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আমিনুল গনি টিটো, মো. মোর্শেদুজ্জামান জেরা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০১৭ঘ.