শরীয়তপুর, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সারেঙ্গা গ্রামে রোববার একজন খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতের নাম- আব্দুর রব হাওলাদার (৪০)।
আহতদের মধ্যে রোকেয়া বেগম (৪০), আবদুল হাই হাওলাদার (৫০), তোতা মিয়া (৩৫), আজিজ হাওলাদার (৫০), লতিফ মৈশাল (৩৫), মনির হাওলাদার (৩০) ও বোরহান উদ্দিনকে (২০) শরীয়তপুর সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের ভাবী রোকেয়া বেগম জানান, সকালে আব্দুর রব হাওলাদার ও তার চাচাতো ভাই আবু আলেম বাড়ির সীমানা ঠিক করার জন্য সালিশে বসেন। এক পর্যায়ে রব হাওলাদারের সঙ্গে বাগবিতণ্ডা করে আবু আলেম সালিশ থেকে চলে যান।
কিছুক্ষণ পর আবু আলেমের নেতৃত্বে ৪০/৫০ জন লোক টেটা, রামদা ও লাঠিসোটা নিয়ে আব্দুর রব হাওলাদারের ওপর হামলা চালায়। তিনি ঘরের ভেতর আশ্রয় নিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করে।
শরীয়পুরের পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইয়ের সঙ্গে আব্দুর রব হাওলাদারের বিরোধ চলে আসছিল।
নিহতের ভাই আবদুল হাই হাওলাদার পালং থানায় আবু আলেমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে তিনি জানান।
শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার, সহকারী পুলিশ সুপার এনায়েতুল্লাহ মান্নান, পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ বদরুদ্দোজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24