২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শাহাবুদ্দিনের নির্দেশে ট্রাক ভাড়া করা হয়েছিল'

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ঘাটে অস্ত্র খালাসের পর তা পরিবহনের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিনের নির্দেশে ট্রাক ভাড়া করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ঘাটে অস্ত্র খালাসের পর তা পরিবহনের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিনের নির্দেশে ট্রাক ভাড়া করা হয়েছিল। আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান শনিবার রাতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুুবুর রহমানের কাছে ট্রাক ভাড়া করা এবং কার নির্দেশে তা করা হয়েছে সে বিষয়ে আকবর হোসেন সাত পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'র চট্টগ্রাম জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম। ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় ধরা পড়ে। ওই সময় আকবর হোসেন এনএসআই'র চট্টগ্রাম অঞ্চলের মাঠ কর্মকর্তা ছিলেন। চট্টগ্রামের ট্রাক ভাড়ার দেওয়ার প্রতিষ্ঠান গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক হাবিবুর রহমান ও ব্যবস্থাপক তসলিম মল্লিকের জবানবন্দির ভিত্তিতে আকবরকে সিআইডি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করে প্রথম দফায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ এপ্রিল তাকে দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে নিয়ে ঢাকায় যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার বিকেল আকবরের জবানবন্দি গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুুবুর রহমান। সিআইডি কর্মকর্তা মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত আকবর মহানগর হাকিমের কাছে জবানবন্দি দেন।" তিনি জানান, এ জবানবন্দিতে দশ ট্রাক অস্ত্র মামলার জট খোলা অনেকটা সহজ হয়ে যাবে। তিনি তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বলেন, "জবানবন্দি নেওয়ার পর আকবর হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।" তাকে আবার রিমান্ডে নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। সিইউএফএল ঘাটে অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়েছে। এসব মামলায় আকবর হোসেন ছাড়া আরও চারজন কারাগারে আটক আছেন। এরা হলেন- হাফিজ, দ্বীন মোহাম্মদ, সিইউএফএল এর তখনকার ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯১২ ঘ.