২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সংঘর্ষে ৪ পুলিশ, ২০ আ'লীগ নেতাকর্মী আহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে একটি দোকানের মলিকানা নিয়ে সালিশের সময় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ ও ২০ আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হন। গ্রেপ্তার করা হয়েছে চার আওয়ামী লীগ নেতা-কর্মীকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

নারায়ণগঞ্জ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজারে একটি দোকানের মলিকানা নিয়ে সালিশের সময় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ ও ২০ আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হন। গ্রেপ্তার করা হয়েছে চার আওয়ামী লীগ নেতা-কর্মীকেও। এর আগে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের দু'টি অস্ত্র ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে অস্ত্র দু'টি উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবন কান্তি সাহা জানান, মামলায় তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, হামলা, মারপিট ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য গোপনে চিকিৎসা নিচ্ছে বলে পুলিশ ধারণা করছে। জীবন কান্তি সাহা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে ফতুল্লা আওয়ামী লীগের বক্তব্য জানার চেষ্টা করেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। এর কারণ হিসেবে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গ্রেপ্তার এড়ানোর জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতারা এলাকা থেকে পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বক্তাবলী বাজারে একটি দোকানের মালিকানা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু'টি পক্ষের মধ্যে সালিশের সময় আওয়ামী লীগের ২/৩ শ' নেতা-কর্মী হামলা চালিয়ে দোকান-পাট ভাঙচুর শুরু করে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সহকারী উপ-পরিদর্শক শামসুল হক ও কন্সটেবল মোতালেবের অস্ত্র কেড়ে নেয় বলে জানিয়ে জীবন কান্তি সাহা বলেন, এছাড়া তাদের হামলায় আহত হয় চার পুলিশ। পরে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মীর আবু তৌহিদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে তিনি (আবু তৌহিদ) জানান। আবু তৌহিদ জানান, পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ১১ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লা থানা আ. লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, স্থানীয় আ. লীগ নেতা শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২১৫ ঘ.