ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যাত্রী সেজে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আহত অবস্থায় পাকড়াও করেছে র্যাব সদস্যরা।
র্যাবের পরিচয় টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা গুলি চালালে তারা আহত হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গাবতলী থেকে গুলিস্তান পর্যন্ত বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বেশ কয়েকদিন ধরে ছিনতাই করে আসছে বলে র্যাব-২ অভিযোগ পেয়ে আসছিল।
এতে বলা হয়, ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য শুক্রবার রাত ১২টার দিকে র্যাব-২-এর কয়েকটি দল ছদ্মবেশে রিক্সাযাত্রী সেজে বিভিন্ন স্থানে যায়। রাত আড়াইটার দিকে একটি দল আগারগাঁও এলাকায় পৌঁছালে সরকারি সঙ্গীত কলেজের কাছে ৪/৫ ছিনতাইকারী ছদ্মবেশী র্যাব সদস্যদের গতিরোধ করে।
এ সময় রিক্সা চালক মো. ওবায়দুর ছিনতাইকারীদের হুমকিতে দৌড়ে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, এক পর্যায়ে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের চিনতে পেরে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব বাধ্য হয়ে গুলি চালায়। এতে বাবুল (৪৫) ও রাজু (২০) নামের দুই ছিনতাইকারী আহত হয়।
একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং একটি চাপাতিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে উল্লেখ করে এতে বলা হয়, বাকি ২/৩ ছিনতাইকারী পালিয়ে যায়।
গুলিবিদ্ধ আহত ছিনতাইকারীরা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা বেশ কিছুদিন ধরে গাবতলী ও গুলিস্তানের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/টিআর/২১২৫ ঘ.
bdnews24