২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে: মুজাহিদ

অগ্রাধিকারভিত্তিক জাতীয় সমস্যা চিহ্নিত এবং তা সমাধানে সরকারকে জামায়াতে ইসলামী সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঝিনাইদহ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগ্রাধিকারভিত্তিক জাতীয় সমস্যা চিহ্নিত এবং তা সমাধানে সরকারকে জামায়াতে ইসলামী সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "দলীয়ভাবে দেশ পরিচালনা করতে গিয়ে সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে।" শনিবার সকালে ঝিনাইদহ আল হেরা স্কুল মাঠে জামায়াতের এক প্রতিনিধি সম্মেলনে মুজাহিদ এ কথা বলেন। তিনি বলেন, "জামায়াত সংসদকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চায়।" মুজাহিদ বলেন, "ভারতের এক শ্রেণীর বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যম জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা বাংলাদেশকে করদ ও তাবেদার রাষ্ট্র বানাতে চায়।" তিনি বলেন, "টিপাই মুখে বাঁধ নির্মাণ করলে সিলেট অঞ্চল পানি পাবে না। মেঘনা অববাহিকা শুকিয়ে যাবে।" এ ব্যাপারে পানি সম্পদমন্ত্রীর বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে বলে মুজাহিদ মনে করেন। তিনি বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের রাজনৈতিক প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্ত দাবি করেন। মুজাহিদ কোন দেশের নাম উল্লেখ না করে বলেন, "কমিউনিস্টদের পতনের পর বিশ্ব মোড়লের সামনে এখন চ্যালেঞ্জ ইসলাম ও মুসলমান।" তিনি মনে করেন, ইসলামের নামে যারা দেশে সন্ত্রাস করছে তাদের জন্ম বাংলাদেশের বাইরে। ইসলামী জাগরণ ঠেকাতে এদের সৃষ্টি করা হয়েছে। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আমির মো. আব্দুল ওয়াহেদ ও মাগুরা জেলা আমির মো. আব্দুল মতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.