২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভারতীয় শাড়িসহ চার, চাপাই-এ মাদকসহ একজন গ্রেপ্তার

কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট থেকে শনিবার ভোরে ১২১৮টি ভারতীয় শাড়িসহ চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট থেকে শনিবার ভোরে ১২১৮টি ভারতীয় শাড়িসহ চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জে ১৬৮ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজাসহ পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মেহেরপুর: গাংনী উপজেলা র‌্যাব ক্যাম্পের সদস্যরা কুষ্টিয়ার পোড়াদাহ কাপড়ের হাটে অভিযান চালিয়ে চোরাইপথে আনা ভারতীয় জর্জেট শাড়ি আটক করে। এ সময় তোফাজ্জেল হোসেন (৪০), ফারুক হোসেন (৩০), একরামুল হক (৪৫) ও আব্দুর গফুর (৪২) নামে চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। এদের সবার বাড়ি কুষ্টিয়ার মীরপুর উপজেলার কমলাপুর ও দক্ষিণ কাথদাহ গ্রামে। র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)-৬ গাংনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ জানান, র‌্যাব সদস্যরা তার নেতৃত্বে রাত ৩টার দিকে অভিযান চালায়। দোকান থেকে বস্তায় করে শাড়িগুলো পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। শাড়ির বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় চার ব্যবসায়ীকে। আটককৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা দুদিন আগে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতীয় এসব জর্জেট শাড়ি এনেছেন। দেশের বড় বড় শপিং মলে এসব শাড়ি বিক্রি করেন বলেও তারা জানান। এএসপি জাহিদ জানান, শাড়িগুলোর দাম প্রায় ১৯ লাখ টাকা। আটক চারজন চোরাকারবারি দলের হোতা বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামে অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ১৬৮ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজাসহ আটক করা হয় মাসুম (২৮) নামে এক ব্যক্তিকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, মাসুম বহরম গ্রামের মাইনুদ্দিনের ছেলে। এ ব্যপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.