ফেনী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর, ফেনী, সিলেট ও ময়মনসিংহে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে শুক্রবার রাতে ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে মারা গেছেন আটজন। সিলেটে ঘর চাপায় মারা গেছেন একজন। শনিবার ফেনীতে ঝড় ও বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। ময়মনসিংহে বজ্রপাতে মারা গেছেন দুজন। (আরও তথ্যসহ-৩)
এছাড়া ঝড়ে জামালপুরে পাঁচ শতাধিক এবং সিলেটে অন্তত সাতশ' ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। জামালপুরে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে এবং গাছ ভেঙে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৬ ঘণ্টা বিদ্যুত সংযোগ বন্ধ ছিল। শনিবার বিকেল ৩টার পর জামালপুর শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আধ ঘণ্টা স্থায়ী ঝড়ে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, ইসলামপুর ও সদর উপজেলায় পাঁচ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছ চাপা পড়ে এবং বজ্রপাতে মারা গেছেন ছয়জন।
এরা হলেন- মেলান্দহের টনকীপাড়ার রিকশাচালক আব্দুল কুদ্দুস (৪৫), তার ছেলে মিনহাজ (১১), পাঁচ পয়লা মধ্যপাড়ার আব্দুস সালাম (৫০), সিরিঘাটের বাক্কারের মেয়ে বাতিাসি (২৫) ও ছবিলাপুরের এমদাদ হোসেনের ছেলে আদনান (১), মাদারগঞ্জের বালিজুড়িতে চরপাকেরদহ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান (৪০) ও একই এলাকার বুলবুল আহমেদের স্ত্রী সাথী বেগম (২২) এবং বকশিগঞ্জের কলকিহারা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বুচা মিয়া।
এদের মধ্যে বুচা মিয়া বজ্রপাতে মারা গেছেন।
জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও বিদ্যুতের তারে গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারা জেলায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শনিবার বিকেল ৩টা থেকে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
জেলা প্রশাসক জানান, মাদারগঞ্জের বালিজুড়িতে নিহত স্কুলশিক্ষক হাফিজের স্ত্রী রানী (২৬) ও একই এলাকার বুলবুল আহমেদের স্ত্রী সাথীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাথী।
জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে- শহরের তেতুলিয়া এলাকার মুসলিম (৪৫), বগাবাইদের আব্দুর রহমান (৫০), বনপাড়ার জমিরন (৭০), বসাকপাড়ার জায়েদা (৫০), পাথালিয়ার শফিক (৪৫), মেলান্দহ মহিয়ামুকুলের মান্নান (৬০), কামাল (২৩) ও মাদারগঞ্জের পাটাদহ এলাকার বাচ্চু (৩০)।
এছাড়া ঝড়ে সদর উপজেলার তিতপল্লা উত্তরপাড়ায় মাজহারুল পোল্ট্রি ফার্ম বিধ্বস্ত হয়ে আট হাজার মুরগি মারা গেছে বলে জানান জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্য।
সিলেট: ঝড়ের সময় ঘর চাপা পড়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আশুক উদ্দিনের (১৬) মৃত্যু হয়েছে। ১৭৫০টি ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা আলতাফ হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক হিসেবে জৈন্তাপুরে ঝড়ে একজনের মৃত্যু ও ১৭৫০টি ঘরবড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭২৫টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও ১০২৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।"
ঝড়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
একজন স্থানীয় সাংবাদিক জানান, শুক্রবার রাত পৌনে ৩টায় উপজেলার ওপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- রুপচেইন, বাইরা খৈল, কামরাঙ্গি, ভুড়বাড়ি, গৌরি শংকর, ভিড়াইমারা, শ্যাওলাটুক, মিত্রিমহল, দরবস্ত. ছাতার খাই, মানিকছড়া, মাঝপাড়া, শ্যামপুর, কাপনাকান্দি ও আহমদ পাড়া।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বেশি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫শ' টাকা করে নগদ সহায়তা ও শুকনো খাবার দেন।
ফেনী: ঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছেন মো. মোস্তফা (৩৫) ও সাহেরা খাতুন (২৫)। বজ্রপাতে মারা গেছেন রাসেল ও অজ্ঞাতনাম একজন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত আধ ঘণ্টা স্থায়ী প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের গায়েনবাড়ি রাস্তার মোড় এবং দরবারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কিছু বড় বড় গাছ ভেঙে পড়ে।
এ সময় গায়েনবাড়ি রাস্তার মোড়ে গাছ চাপা পড়ে একটি চা দোকান বিধ্বস্ত হয়। এতে দোকানে থাকা বিজয়পুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে মোস্তফা ঘটনাস্থলেই মারা যান।
দরবারপুরে ঘরের চালায় গাছ ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান সাহেরা খাতুন। ঘনিয়ামোড়া গ্রামে বজ্রপাতে মারা যান রাসেল। তার বাড়ি ময়মনসিংহে। শ্রীপুর গ্রামে বজ্রপাতে আরেকজন মারা গেছেন। তবে তার নাম জানা যায়নি।
এছাড়া গাছ চাপায় আহত হন চার থেকে পাঁচজন। তবে এদের নাম জানাতে পারেননি ওসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার হোসেন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সামু জানান, এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কাজ চলছে।
ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বগিরকান্দা গ্রামে শনিবার ভোরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- ইদ্রিস আলী ও আশু ফকির।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24