২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে শ্রমিক দলের জনসভা শুরু

পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শনিবার বিকেল তিনটার পর পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শনিবার বিকেল তিনটার পর পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। শ্রমিক দলের সমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ তার আশ-পাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই স্তর বিশিষ্ট এ নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ অস্ত্রসজ্জিত 'সোয়াত' সদস্যরা মঞ্চ ঘিরে রেখেছেন। আশপাশে রয়েছেন র‌্যাব সদস্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। পাশের শিল্প ভবন ও রাজউক ভবনের ছাদেও রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ময়দানের আশপাশে বসানো আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিএনপির সহযোগী শ্রমিক সংগঠন শ্রমিক দলের এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। সমাবেশ পরিচালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। জনসভার মঞ্চে শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। পল্টন ময়দানের এ সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেয় বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। সমাবেশ স্থলে বিভিন্ন রঙের ব্যানার ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা সমবেত হচ্ছেন। মঞ্চের পেছনের ব্যানারে লেখা রয়েছে- '১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত অব্যাহত সংগ্রামের তিন দশক'। ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি রয়েছে। সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজধানীর কোনো জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। গত ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে পল্টন ময়দানে তিনি বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এজে/জিএনএ/১৫৫০ ঘ.