ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির বিষয়ে সরকারের নোটিশের বিরুদ্ধে আগামী রোববার হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বুধবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ''বাড়ির ব্যাপারে সরকারের দেওয়া নোটিশটি চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওই নোটিশটি প্রচলিত আইন, সংবিধান ও সুপ্রিমকোর্টের দেওয়া বিভিন্ন রায়ের পরিপন্থী। রিটের সব প্রস্তুতি চলছে। রোববারেই রিট হবে।''
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে '' যুদ্ধাপরাধ ঃ বিশেষ ট্রাইবুনাল ও স্বাধীন বিচার'' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মওদুদ এ কথা বলেন।
পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বুধবার বিএনপির আদালতে যাওয়ার বিষয়ে যে কথা বলেছেন সে সর্ম্পকে মওদুদ বলেন,'' সরকারের থেকে আদালত প্রভাবিত হয়, এমন কথা বলা উচিত নয়। ন্যায় সঙ্গতভাবে কথাবার্তা বলা উচিত। ''
প্রসঙ্গত, পূর্ত প্রতিমন্ত্রী সকালে সাংবাদিকদের বলেন,''খালেদা জিয়া আদালতে রিট করলে সরকার তা আইনগতভাবে মোকাবেলা করবে। আমরা আশা করব তারা নিজেরা আদালতের রায় মেনে নেবে।''
এদিকে বুধবারই রাজধানীতে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "খালেদা জিয়ার বাড়িটি ক্যান্টনমেন্টের সম্পত্তি। ক্যান্টনমেন্ট অ্যাক্টে কোনও ব্যক্তির কাছে ক্যান্টনমেন্টের জমি বিক্রির এখতিয়ার কারও নেই। পুরো বিষয়টির কোনও আইনগত ভিত্তি নেই।"
মওদুদ আহমেদ বলেন,'' কোনো রেজিস্টার্ড সম্পত্তি কিংবা বাড়ির লিজ বাতিল করাটা অবৈধ। ওই রকম সম্পত্তি লিজের ক্ষেত্রে প্রচলতি আইন রয়েছে। সরকারের কোনো আদেশ কিংবা নির্দেশে তা বাতিল হয় না। সরকারের বাতিলের সিদ্ধান্তটি আইনি প্রক্রিয়ায় হয়নি। সেজন্য তা অবৈধ।"
বিএনপির অন্যতম নীতিনির্ধারক এ নেতা জানান, বিএনপি কেবল খালেদা জিয়ার বাড়ির বিষয়ে নয়, বিদ্যুৎ-পানিসহ নানা সমস্যা থেকে উত্তরণের দাবিতে আন্দোলন করবে মে মাস থেকে। এক মাস এই কর্মসূচি চলবে। তিনি বিদ্যুৎ-পানি সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবানও জানান সরকারের প্রতি।
সাংবাদিকদের প্রশ্নের জবাব শেষে মওদুদ গোলটেবিল বৈঠকে যোগ দেন। নাগরিক ফোরামের সভাপতি আব্দুল্লাহহিল মাসুদের সভাপতিত্বে আলোচনায় বিএনপির অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান, অ্যাডভোকেট আবেদ রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সাংবাদিক সাদেক খান, অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
লিজ বিধিসম্মত নয় এ কারণ উল্লেখ করে গত ২০ এপ্রিল সেনানিবাস ভূমি পরিদপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার শহীদ মইনুল সড়কের ৬ নং বাসাটি খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। ২৩ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবুউদ্দিন খোকন ওই সংস্থাকে আগামী ৫ দিনের মধ্যে জবাব চেয়ে পাল্টা একটি উকিল নোটিশ পাঠান। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর বা সরকার নোটিশের কোনো জবাব না দেওয়ায় বিএনপি আইনের দ্বারস্থ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪১ঘ.
bdnews24