ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ বিজ্ঞান কলেজের উচ্চ-মাধ্যমিক শিক্ষার্থী এ এইচ এম আহসান নুর জিসানের (১৯) দুই সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হচ্ছে জিসানের সহপাঠী রাজু আহমেদ (১৯) এবং পাশের সিগমা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আলভি করিম (১৯)।
আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিসানকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজু ও আলভিকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
রাজু সাংবাদিকদের কাছে দাবি করে, ঘটনার আগে জিসান তার কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেয়। ওই টাকা ফেরত চাওয়ার জন্য ৮ এপ্রিল সন্ধায় সে মোবাইল ফোনে জিসানকে কলেজের ছাদে ডেকে নিয়ে আসে। তখন আলভিও তার সঙ্গে ছিলো। সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জিসান পকেট থেকে একটি ছুরি বের করে। তখন সে ছাদের উপর থাকা একটি বাঁশ দিয়ে জিসানের মাথায় আঘাত করে। তখন আলভিও আরেকটি বাঁশ দিয়ে জিসানের মাথায় আঘাত করে। মাথা ফেটে জিসান পড়ে গেলে মৃত ভেবে তারা দুজন ঢাকার বাইরে পালিয়ে যায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সাজ্জাদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিসানের মোবাইল ফোনে সর্বশেষ কলটি ছিলো রাজুর। এ কারণে প্রথম থেকেই তাকে সন্দেহ করতে শুরু করে পুলিশ। ১৫ এপ্রিল চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে গ্রেপ্তার করা হলে সে অপরাধের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বরিশাল থেকে আলভিকে গ্রেপ্তার করা হয়।
৮ এপ্রিল রাতে জিসানকে মালিবাগে তার কলেজের ছাদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই তার বাবা র্যাব-৪ এর সার্জেন্ট এ এইচ এম নুরুল্লাহ বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩২০ ঘ.
bdnews24