রাজশাহী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া টাকা পরিশোধ করতে বলায় রাজশাহীর স্কাই লাইন-এর কেন্দ্রীয় ক্যাবল টেলিভিশন নিয়ন্ত্রণ কক্ষে রোববার রাতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। স্কাই লাইন হচ্ছে ক্যাবল অপারেটর এসোসিয়েশনের (কোয়াব) একটি সদস্য প্রতিষ্ঠান।
এ কারণে রাজশাহী জেলা, মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শকরা ক্যাবল (ডিস) লাইনের সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
এ ঘটনায় আল মামুন নামে নগরীর এক সাবেক ওয়ার্ড কমিশনারসহ তিনজনের নাম উল্লেখ করে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।
স্কাই লাইনের চেয়ারম্যান সাইদুজ্জমান কণা অভিযোগ করেন, পে-চ্যানেলের বকেয়া টাকা পরিশোধ করার জন্য চাপ দেওয়ায় এই সন্ত্রাসী হামলা হয়।
তিনি জানান, গত দুই বছর ধরে তার কাছ থেকে সংযোগ নিয়ে সাবেক ওয়ার্ড কমিশনার আল-মামুন মাত্র ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। অথচ তার কাছে প্রায় ৫ লাখ টাকা পাওনা আছে স্কাই লাইনের। মামুন ছাড়াও ২১ জন গ্রাহকের কাছে প্রায় ৬০ লাখ টাকা বকেয়া ছিল।
প্রায় এক মাস আগে গ্রাহকদের কাছে ৩০ কিস্তিতে বকেয়া পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়। বকেয়ার প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে আদায়ও হয়েছে। কিন্তু আল-মামুন বকেয়া পরিশোধ না করে রোববার রাত আড়াইটার দিকে সশস্ত্র দলবল নিয়ে স্কাই লাইনের নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়। এ সময় কর্মচারী সিদ্দিক ও রহিম কর্মরত ছিলেন।
হামলায় নিয়ন্ত্রণ কক্ষের ১২টি ট্রান্সমিটারের সবকটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সম্পূর্ণ লাইন চালু হতে কয়েকদিন সময় লাগবে। গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় লাইন চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাইদুজ্জমান আরও জানান, হামলাকারীর ছিল ১০ জন। এর মধ্যে সাবেক ওয়ার্ড কমিশনার-আল মামুন, নগরীর দরগাপাড়ার হেলাল ও পাঠানপাড়ার অপুকে কর্মচারীরা চিনতে পেরেছে।
বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল মামুন, হেলাল ও অপুকর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24