২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট চলছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার দফা দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ফরিদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার দফা দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। শুক্রবার সন্ধ্যায় রোগীর আত্মীয়-স্বজনদের হাতে একজন চিকিৎসক ও ওয়ার্ডবয় লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিৎসকরা শনিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের দ্বিতীয় দিন রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর শিক্ষানবিশ চিকিৎসকরা বর্হিবিভাগ (আউটডোর) রোগী দেখেছেন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নিরঞ্জন ঢালী জানান, রোববার সকাল সাড়ে ১০টায় ধর্মঘটী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে পর্যায়ক্রমে চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা বর্হিবিভাগে চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। ধর্মঘটীরা তাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সোমবার সকাল ৯টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন। শিক্ষানবিশ চিকিৎসকদের চার দফা দাবি হল- হামলাকারীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন, দালালচক্র প্রতিহত, স্টাফদের পরিচয়পত্র প্রদান এবং রোগীদের কাছে আত্মীয়-স্বজনের আসা নিষিদ্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫০ ঘ.