ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও ফরিদপুরে শুক্রবার পৃথক অগ্নিকাণ্ডে উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, ছাত্রাবাসের আটটি কক্ষ এবং ৪৪টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিকেল ৫টার দিকে টেলিফোন এক্সচেঞ্জের সুইচ রুমে আগুন লাগে। এ কারণে সারা দেশের সঙ্গে নবীনগরের টেলিযোগাযোগ বিচ্ছিন হয়ে গেছে।
রংপুরে একটি বেসরকারি ছাত্রবাসে আগুন লেগে আটটি কক্ষ পুড়ে গেছে।
ফরিদপুরের সালথা উপজেলায় দুটি একটি চরভদ্রাসন উপজেলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৪টি বসত ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর টেলিফোন এক্সচেঞ্জের সুইচ রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুল ইসলাম মজুমদার।
তিনি জানান, কুমিল্লার মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুইচ রুমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
রংপুর: দুপুর দেড়টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামে একটি বেসরকারি ছাত্রবাসে আগুন লাগে। এত ছাত্রবাসের ২৬ জন এইচএসসি পরীক্ষার্থীর বইপত্রসহ সব জিনিসপত্র পুড়ে গেছে।
রিপন ছাত্রবাসে এ অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ ছাত্র জুম্মার নামাজ পড়ার জন্য পাশ্ববর্তী মসজিদে গিয়েছিল বলে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল আলম।
তিনি জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
ওসি জানান, খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাত্ররা জানায়, তারা কিছুই রক্ষা করতে পারেনি। তাদের বইপত্র, মোবাইল ফোন সেটসহ কাপড় চোপড় পুড়ে গেছে।
ফরিদপুর: দুপুর ২টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের গাফফার শেখের বাড়িতে আগুন লাগে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।
সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ইব্রাহীম, আফজাল, আশরাফ, মোজাম ও রোমেজা বেগম নামে পাঁচজন।
তিনি জানান, ফরিদপুর ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুর ১২টার দিকে উপজেলার একই ইউনিয়নের শ্রীফলতলী গ্রামে রফিক মোল্লার বাড়িতে আগুন লাগে। এতে আটটি বসতঘর পুড়ে গেছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।
দুপুর সাড়ে ৩টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সরবান্দিয়া গ্রামে আগুন লেগে পুড়ে গেছে ১২টি পরিবারের ২৭টি বসতঘর।
গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, রজব পাট্টাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত।
আগুনে রজবের দুটি, মোসলেমের দুটি, বিশাইয়ের চারটি, জামের দুটি, রাজ্জাকের দুটি, মোতালেবের পাঁচটি, সামাদের তিনটি, ভানুর একটি, কাফিরুন্নেছার একটি, রিয়ার দুটি, আমজাদের দুটি ও শফির একটি ঘর পুড়ে গেছে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, পুলিশ ও স্থানীয়রা দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভাতে সাহায্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24