বাগেরহাট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে মুক্তিযুদ্ধের সময় ভাইকে হত্যার অভিযোগে এক 'রাজকারের' নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনের বিরুদ্ধে করা আরেকটি মামলা বৃহস্পতিবার রাতে রামপাল থানায় নথিভুক্ত হয়েছে।
এ নিয়ে একাত্তরে হত্যা, ধর্ষণ, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে বাগেরহাটে নয়টি মামলা হয়েছে। তবে কোন মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বুধবার বাগেরহাটের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বড় সন্নাসী গ্রামের মো. মতিয়ার রহমান।
হাকিম মো. ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ পরিদর্শক শহিদুল ইসলামকে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
মামলার আসামি হলেন- বড় সন্নাস গ্রামের কেরামত আলী হাওলাদার ওরফে কিরু (৬৫)।
মতিয়ার রহমান অভিযোগ করেন, ১৯৭১ সালে ৪ নভেম্বর ভোররাতে কিরুর নেতৃত্বে ৯-১০ জন রাজাকার বড় সন্নাসী বাজারে তার ভাই ফজলুর রহমানের মুদী ও মনোহরী দোকানে হামলা চালায়। তারা দোকান লুট করে এবং দোকানে থাকা ফজলুর রহমানকে ধরে হাত পা বেধে নৌকায় করে বাড়িতে নিয়ে আসে।
কিরু এবং তার সাঙ্গপাঙ্গোরা লুটপাট করে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। এক পর্যায়ে কিরু তার কাছে থাকা রাইফেল দিয়ে ফজলুর রহমানের বুকে গুলি করে এবং পরে আসামিরা তাকে আহত অবস্থায় কুপিয়ে হত্যা করে।
এ পর্যন্ত রাজশাহীতে যুদ্ধাপরাধের দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন জেলহাজতে আছেন। আরেকজনকে বুধবার তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.
bdnews24