বাগেরহাট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলায় বুধবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ বাসটি ভাঙচুর করে।
নিহত যুবক পিরোজপুর জেলার সদর উপজেলার জুসখোলা গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে হাজ্জাজ সরদার (২০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে হাজ্জাজ তার ভাগ্নে নাসিরুল্লাহকে (৮) নিয়ে সাইকেলে করে মঘিয়া আদর্শ শিশু একাডেমিতে যাচ্ছিল। মঘিয়া বাসস্ট্যাণ্ডের কাছে পৌঁছালে গজালিয়া-কচুয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী একটি বাস সাইকেলটিকে চাপা দেয়।
এতে হাজ্জাজ গুরুতর আহত হয় বলে তিনি জানান।
হাজ্জাজকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে হাজ্জাজ মারা যায়।
বাস ভাঙচুরের কথা স্বীকার করে পুলিশ কর্মকর্তা বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/১৮০৪ ঘ.
bdnews24