ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী মঙ্গলবার বলেছেন, বিদ্যুৎ সঙ্কট সহনীয় পর্যায়ে আসতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাবে না।
তবে একইসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু 'দ্রুত সঙ্কট সমাধানের পথ খুঁজে পাওয়ার' ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
সচিবালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দেশের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তারা সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা তৗফিক ই ইলাহী চৌধুরী বলেন, "ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে এটা ঠিক। এ জন্য মানুষের ভোগান্তিও বাড়ছে। তবে বিভিন্ন জায়গায় সিলিং করে লোডশেডিং হচ্ছে।"
১৫ দিনের মধ্যেই সেচ মৌসুম শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ পাওয়া গেলে লোডশেডিংয়ের কিছুটা উন্নতি হবে।
উপদেষ্টা জানান, গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি চাহিদা মেটাতে চট্টগ্রাম ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) উৎপাদন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এতে প্রতিদিন সাশ্রয় হওয়া ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, গ্যাস সরবরাহ আগামী পাঁচ থেকে সাত বছরের আগে বাড়ানো সম্ভব নয়।
এসময় উপস্থিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন।
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সমস্যার কারণে বন্ধ রয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়া গ্যাস স্বল্পতার কারণে সিদ্ধিরগঞ্জ, রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে উৎপাদনে যেতে পারছে না।
সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈন্যদশা তুলে ধরে তিনি বলেন, "এসব কেন্দ্রগুলোর অধিকাংশই ৪০ বছরের পুরানো। কাজেই আমাদের নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে।"
নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "নতুন বিদ্যুৎ কেন্দ্র আনার চেষ্টা চলছে।"
গ্যাসের ওপর চাপ কমাতে দ্রুত কয়লানীতি চূড়ান্ত করারও তাগিদ দেন তিনি।
ফেঞ্চুগজ্ঞের ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে না আসার কারণ জানতে চাইলে তৌফিক ই ইলাহী বলেন, অনেক দিন ধরে এটি 'ঝুলে (পেন্ডিং)' রয়েছে। তাদের কাছ থেকে ৩০ শতাংশ হারে ভ্যাট কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "এটা ঠিক নয়। মূলত আট থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হয়েছে। এটা নিয়ম মোতাবেকই নেওয়া হয়েছে।"
ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার পেছনে উৎপাদন ঘাটতি ছাড়াও কোন 'ষড়যন্ত্র' রয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। দেশে গণতন্ত্র থাক এটা অনেকে চায় না।"
গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য তৃতীয় দফা বিডিং কবে শুরু হচ্ছে, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "এই বিডিং নিয়ে কাজ চলছে।"
অন্যদিকে আশাবাদ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "আমরা তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিয়ে শুরু করেছি। এখন উৎপাদন চার হাজার ১৪৭ মেগাওয়াটে নিয়েছি। আশা করি এই সঙ্কট সমাধানের পথ দ্রুত খুঁজে পাব।"
অদূর ভবিষ্যতের ব্যাপারে খুব একটা আশাবাদী শোনায়নি মন্ত্রীকে। কারণ একই সঙ্গে তিনি বলেন, উৎপাদনের তুলনায় বিদ্যুতের চাহিদা অনেক বেশি হওয়ায় সেচের মৌসুম শেষ হলেও বিদ্যুৎ সঙ্কটের খুব একটা উন্নতি হবে তা তিনি মনে করেন না।
আগামী জুলাই নাগাদ আরও ৭৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৭ঘ.
bdnews24