চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে বন বিভাগের এক কর্মকর্তাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একই ঘটনায় করা অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম- আবদুল খালেক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি বেলাল হোসেন ও মো. ইসমাইলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০৩ সালের ২ মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার ঝিলংখালী বনে আসামি আবদুল খালেক অবৈধভাবে গাছ কাটার সময় বন বিভাগের কর্মকর্তা ফরহাদ আলী বাধা দেন। খালেক বন কর্মকর্তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা এবং তার অস্ত্র নিয়ে পালিয়ে যান।
পরদিন পুলিশ খালেককে গ্রেপ্তার এবং লুন্ঠিত অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র লুটের অভিযোগে পৃথক দু'টি মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রায়ের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যা মামলায় ১৮ জন এবং অস্ত্র মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24