কিশোরগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ হাক্কানীর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।
করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা সোহরাব হোসেন মঙ্গলবার কিশোরগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
শুনানির পর হাকিম জাকির হোসেন খান আগামী ১৪ জুলাই অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন, রাপ্পি চৌধুরী, লিংকন, টিপু, মোশারফ হোসেন ও মঞ্জিল।
যুবলীগ নেতা সোহরাব অভিযোগ করেন, বাংলা নববর্ষ পালনের জন্য ইউএনও তার কাছে বিশ হাজার টাকা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় ১৪ এপ্রিল নববর্ষের অনুষ্ঠানস্থলে গেলে ইউএনও এবং অপর আসামিরা তার ওপর হামলা চালায়। এতে তিনি সামান্য আহত হন।
এ সময় সোহরাব ও তার বন্ধুদের বন্ধুদের কাছ থেকে আসামিরা দুটি মোবাইল সেট, ৬৫ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার ব্যাপারে ইউএনও আব্দুল্লাহ হাক্কানী বলেন, "বাদীকে আমি চিনি না। আমাদের উদ্যোগে নববর্ষের কোন অনুষ্ঠান হয়নি। তাই চাঁদা দাবি বা আদায়ের প্রশ্নই উঠে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24