ঢাকা এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিপক্ষ দলের কর্মীদের পরীক্ষা নেওয়া বন্ধে রাজি না হওয়ায় ভাংচুর চালিয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুপুর সাড়ে ১২টা থেকে একঘন্টা ধরে তারা একজন অধ্যাপকের গাড়ি, সাতটি ল্যাবরেটরি কক্ষ ও বেশ কয়েকটি শ্রেণীকক্ষ ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার কীটতত্ত্ব বিভাগের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আলিউল আলম টুয়েলের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী পরীক্ষা কক্ষে প্রবেশ করে দাবি জানায়, ছাত্রদলের নেতা আমিনুল ইসলাম,আলামিন ও রায়হান পরীক্ষা দিতে পারবে না। দায়িত্বরত শিক্ষক অধ্যাপক সালাউদ্দিন মাহমুদ এতে রাজি না হওয়ায় ছাত্রলীগ কর্মীরা তার সঙ্গে তর্ক করে। পরে তারা বেরিয়ে গিয়ে সালাউদ্দিন মাহমুদের ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করে।
এর কিছু পরে ছাত্রলীগের নেতাকর্মীরা দলে ভারি হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগারের জানালা ও ফুলের টব, সাতটি ল্যাবরেটরি ও কয়েকটি শ্রেণীকক্ষে ভাংচুর চালায়। এ সময়ে তারা কয়েকটি হলের কক্ষেও হামলা চালায় এবং আলামিন নামের এক ছাত্রকে মারধর করে।
সংঘর্ষ শুরু হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ ও ক্লাস বন্ধ হয়ে যায়।
দুপুর সোয়া ১টার দিকে প্রক্টর অধ্যাপক ড. সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ও ৩টি হলে একই সঙ্গে তল্লাশি চালায়। এ সময় কয়েকজন বহিরাগতকে আটক করা হয়। হলগুলো থেকে কয়েকটি হকিস্টিক ও রড উদ্ধার করা হয়।
প্রক্টর অধ্যাপক ড. সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পরীক্ষা পেছানোর জন্যে এই কাণ্ড করেছে। তারা নিজেরা পরীক্ষা না দিয়ে আজীবন ছাত্রত্ব বহাল রাখতে চায়। তাই তারা অজুহাত হিসাবে দেখিয়েছে, ছাত্রদলের কয়েকজনকে পরীক্ষা দিতে দেবে না।"
প্রক্টর বলেন, টোয়েলের নেতৃত্বে ওই ছাত্ররা কীটতত্ত্ব বিভাগের আলামিন নামের এক ছাত্রকে মারধরও করেছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'কিছু উচ্ছৃঙ্খল ছাত্র' পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করার পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে হলগুলোতে তল্লাশি চালিয়েছেন।
জিজ্ঞাসাবাদের জন্যে দু'জনকে আটক করা হয়েছে জানিয়ে মঞ্জুরুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়েরের পরে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এ ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে বসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১৫৪ঘ.
bdnews24