ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় বিজলি'র কারণে ঊপকূলীয় জেলাগুলো থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে চাঁদপুর, ভোলা ও পটুয়াখালী থেকে বিভিন্ন রুটে লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।
বরিশাল থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হলেও ঢাকা রুটে লঞ্চ চালানোর ব্যাপারে বিকেলে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
এছাড়া ঊপকূলীয় জেলাগুলোতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুরের সঙ্গে সারা দেশের নৌযান চলাচল শুক্রবার সকাল ৯টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ-চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় 'ঈগল-২' নামের যাত্রীবাহী একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ৯টার পর চাঁদপুর থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ ছেড়ে যায়নি।
বরিশাল: বৃহস্পতিবার বিকেল থেকে বরিশালের বিভিন্ন রুটে ৬৫ ফুট দৈর্ঘ্যরে নিচের লঞ্চসহ ছোট ছোট নৌ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র বরিশাল লঞ্চ ঘাটের উপপরিচালক রফিকুল ইসলাম।
তিনি জানান, বরিশাল থেকে ভোলার বোরহানউদ্দিন, লালমোহন, চর কচ্ছপিয়া, চর বিশ্বাস, পটুয়াখালীর বাউফলের কালাইয়া, বগা, বরগুনা এবং বরিশাল থেকে মেহেন্দীগঞ্জের পাতারহাট, উলানিয়া, হিজলা, বাহেরচরসহ ১৫টি রুটে প্রায় ৪৭টি লঞ্চ চলাচল করে থাকে।
তবে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলবে কিনা সে সিদ্ধান্ত বিকেলে নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএ'র উপপরিচালক রফিকুল ইসলাম।
পটুয়াখালী: অভ্যন্তরীণ সব রুটে শুক্রবার সকাল ৮টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ বন্দর কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসন জরুরি সভা করে জেলা সদরসহ আটটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সব উপজেলায় সভা করে উপকূলে মাইকিং করা হচ্ছে। সমুদ্রগামী সব ট্রলারকে নিরাপদ স্থানে নোঙর, বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষদের সতর্ক এবং ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী সব নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, ৫ থেকে ৬ ফুট উচু ঢেউ আছড়ে পড়ছে সাগর সৈকতে। থেমে থেমে ভারী বৃষ্টি ও মাঝারি বাতাস বইছে। কুয়াকাটা, সাগর মোহনায় শত শত মাছ ধরা ট্রলার নোঙর করে আছে।
ভোলা: ভোলা জেলা থেকেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণি ঝড় বিজলি'র প্রভাবে শুক্রবার সকাল থেকে পুরো জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম জানান, জেলার সব ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আকস্মিক বিপদ মোকাবেলায় নগদ তহবিলের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি'র ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মসূচির (সিপিপি) উপপরিচালক বশির আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা রেড ক্রিসেন্টের ৯ হাজার ৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
নোয়াখালী: বৃহস্পতিবার থেকেই হাতিয়া-সন্দীপ, হাতিয়া-তমরুদ্দীন, বয়ারচর-হাতিয়াসহ বিভিন্ন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নোয়াখালীর ঊটকূলীয় অঞ্চলে থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, বেড়ী বাঁধের বাইরে থাকা ছিন্নমূল মানুষদের শুক্রবার দুপুরের মধ্যে হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া রেড ক্রিসেন্টের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও বিভিন্ন প্রস্তুতি নিয়েছে।
চরাঞ্চলের ভূমিহীন কৃষক জসিমউদ্দিন, তোফায়েল আহমেদ জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে অনিরাপদ মনে করায় পুলিশ প্রশাসন হাতিয়ার নলের চরের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্প প্রত্যাহার করায় রাতে ওইসব এলাকায় ব্যাপক লুটপাট ও ডাকাতি করে জলদস্যুরা। হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৮ ঘ.
bdnews24