ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামিলুর রহমান হলে ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ হলে বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে ছাত্ররা। পরে অপর হলগুলোতেও তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এমবিবিএস ৩৫ ও ৩৭ ব্যাচের দিদার, সাইফ, তানভীর, আল মামুন ও মেহেদি আহত হয়।
মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''সংঘর্ষের কারণে একাডেমিক কাউন্সিল মেডিকেল কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হলগুলোকে সকাল ৮টার মধ্যে খালি করা হয়েছে।''
তিনি জানান, একাডেমিক কাউন্সিল রাত সাড়ে ১২টায় এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার সকাল ৮টার মধ্যে মেডিকেল কলেজের পাঁচটি আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা হল ত্যাগ করেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিকেল কলেজের রবিউল ইসলাম নামে ৩৫ ব্যাচের একজন ছাত্র অপহরণ হয়েছে বলে কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।
অপহৃত ওই ছাত্রকে সকাল পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জিএনএ/১৩৩৬ ঘ.
bdnews24