ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশেও হৃদযন্ত্রের অস্ত্রোপচারে 'স্টেম সেল থেরাপি'র ব্যবহার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক পরিচালক ডা. এম জালাল উদ্দিন।
হোটেল শেরাটনে বৃহস্পতিবার 'স্টেম সেল থেরাপি' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে স্টেম সেল থেরাপির ব্যবহার ইউরোপে শুরু হয়েছে। চালু হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও।
রোগীর শরীর থেকে কোষ সংগ্রহ করে গবেষণাগারে বিশেষ প্রক্রিয়ার পর তা আবার রোগীর শরীরে প্রতিস্থাপন করাই মূলত স্টেম সেল থেরাপি নামে পরিচিত।
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে বলে উল্লেখ করে জালাল উদ্দিন বলেন, ১০/১৫ বছর আগের চিত্র আর এখনকার চিত্র একেবারে ভিন্ন। কম খরচেই এখন দেশে ভালো চিকিৎসা হচ্ছে। 'স্টেম সেল থেরাপি'র ব্যবহার শিগগিরই বাংলাদেশেও সম্ভব হবে।
বায়োজিন ফার্মা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাফাইতুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/০১০০ ঘ.
bdnews24