২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসবাবপত্র প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে: আনিসুল হক

ভবিষ্যতে আসবাবপত্র দেশের প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভবিষ্যতে আসবাবপত্র দেশের প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ষষ্ঠ জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বনিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "তৈরি পোশাক শিল্প এখন সারা বিশ্বে বাংলাদেশের 'পতাকা' বয়ে বেড়াচ্ছে। এরপর এ 'পতাকা' বয়ে বেড়ানোর সম্ভাবনা রয়েছে আসবাবপত্র শিল্পের।" ২০০৭-০৮ অর্থবছরে ২ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের আসবাবপত্র রপ্তানি করা হয়েছে, যা মোট রপ্তানি আয়ের ০.০২ শতাংশ। অনুষ্ঠানে আসবাবপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান বলেন, "প্রযুক্তির অভাবে আমরা পিছিয়ে পড়ছি। এছাড়া এ শিল্প নিয়ে প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিষ্ঠানেরও অভাব রয়েছে। তাই একটি নীতিমালা তৈরি করে এ শিল্পকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।" এ শিল্পের উন্নয়নের জন্য কাঠের বিকল্প কাঁচামাল তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বছরে সারা বিশ্বে প্রায় আড়াই লাখ কোটি টাকার আসবাবপত্র বিক্রি হয়। এরমধ্যে বাংলাদেশে বিক্রি হয় প্রায় চার হাজার কোটি টাকার। বাংলাদেশের আসবাবপত্রের চাহিদার বেশিরভাগই স্থানীয় নির্মাতারা সরবরাহ করে থাকে বলে জানিয়ে সংগঠনের মহাসচিব সেলিম এইচ রহমান বলেন, "কম মূল্যে আমদানি করা আসবাবপত্র এ শিল্পের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আসবাবপত্র আমদানির ওপর অতিরিক্ত শুল্ক, কর আরোপ এবং কাঁচামাল আমদানির ওপর শুল্ক, কর কমাতে হবে।" আসবাবপত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "বিদেশী আসবাবপত্র আমাদের শিল্পকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে তার ব্যবস্থা আমরা নেবো। রপ্তানির ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও করে দেওয়া হবে। আসবাবপত্র বিষয়ক কারিগরি শিক্ষা চালুর ব্যাপারে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবেন উল্লেখ করে তিনি বলেন, "আমাদের দেশেও আসবাবপত্রের বড় বাজার রয়েছে। বিশ্বমন্দার মধ্যেও আমাদের দেশীয় বাজার ধরে রাখতে হবে।" তিনি নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরি করার জন্য শিল্প মালিকদের পরামর্শ দেন। মেলায় অংশ নিচ্ছে দেশের ৫৫টি আসবাবপত্র প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। মেলা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/টিআর/২৩৫৫ঘ.