ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস (বিএসআরএম)-এর কেরানীগঞ্জ বিক্রয় কেন্দ্র থেকে এক ট্রাক রড ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বিএসআরএম-এর মহা-ব্যবস্থাপক কাজী আনোয়ার আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ৩০/৩৫ ডাকাত নতুন বিক্রয় কেন্দ্রটিতে (সেলস ডিপো) ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ফেলে। এরপর তারা একটি ট্রাকে করে প্রায় সাড়ে ৭ টন রড নিয়ে যায়।
এ ব্যাপারে বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক নাজমুল হুদা আকন্দ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বিক্রয় কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাটিকে ডাকাতি হিসেবে দাবি করলেও দক্ষিণ কেরানীগঞ্জ থানা চুরির মামলা রেকর্ড করেছে।
থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক শরীফ হায়দার জানান, এ বিষয়ে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২৩০ ঘ.
bdnews24