ভোলা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার রামকেশবপুর গ্রামে গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের মামলায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অর্থ যোগানদাতা ফয়সাল মোস্তফা এবং তার সহযোগী সাইফুদ্দিন বাদলকে বৃহস্পতিবার আরও দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৭ এপ্রিল দুজনকে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আগের দিন ভোরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২৪ মার্চ রামকেশবপুর গ্রামে গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির উপকরণ ও জিহাদী বই উদ্ধার করে র্যাব।
আটক করা হয় মাদ্রাসার শিক্ষক রাসেল এবং তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও মো. জসিমকে (৩৫)। এ চারজনকেও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
পরদিন অভিযান চালিয়ে দুই বোতল এসিড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ ১১ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। মামলায় সাইফুদ্দিন বাদলকেও আসামি করা হয়। ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয় তাকে আটক করার পর।
বৃহস্পতিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্যে বিচার বিভাগীয় হাকিম আদালতে ফয়সাল ও সাইফুদ্দিনকে হাজির করে আরও দশ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম।
হাকিম মো. আমিনুল ইসলাম শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, দুই আসামিকে শুক্রবার ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারগেশন (টিএফআই) সেলে পাঠানো হবে।
অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় করা মামলার অপর আসামিরা হলেন- মুফতি মহিউদ্দিন, হুমায়ুন আহমেদ, মো. ইউনুস, হাসান সাইফুদ্দিন, ইউনুস শরীফ ও মিজানুর রহমান।
ঘটনার দিন আটক রাসেল, হামিদ, কালাম ও জসিমকে জিজ্ঞাসাবাদ করে লন্ডন প্রবাসী ফয়সাল সম্পর্কে তথ্য পায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
পরদিন ২৫ মার্চ রাজধানীর একটি বাসা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয় বলে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা নিশ্চিত করেনি।
লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা গ্রিন ক্রিসেন্ট এর অর্থায়নে ভোলাসহ দেশের কয়েকটি এলাকায় মাদ্রাসা, ক্লিনিক পরিচালিত হচ্ছে। ফয়সাল বাংলাদেশে গ্রিন ক্রিসেন্টের বিভিন্ন প্রকল্পের অর্থ যোগান দিতেন এবং কাজ দেখভাল করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24