ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'বিজলী' বৃহস্পতিবার রাতে আরও উত্তরদিকে সরে গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের অনেক জায়গায় হালকা ঝড়ো হাওয়া বইছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন আভ্যন্তরীন রুটে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।
রাত ৯ টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরো জোরদার হয়ে উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘ ও ব্রজমেঘের সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দরগুলো এর প্রভাবে ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে।
ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কি.মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার সব নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবাহওয়া অধিদপ্তর।
এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
বাগেরহাট, খুলনা, বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বরিশালের নৌ পথে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24